নিজস্বপ্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ ৪৫ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন আদালতে কোনো সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণের নতুন এদিন ধার্য করেন আদালত।
এর আগে, ৪ ডিসেম্বর মামলাটিতে রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলটির ৪৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এ মামলায় রুহুল কবির রিজভী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব ও ইসহাক সরকার। এ মামলায় আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ৬/৭ জন যাত্রী দগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক পরদিন মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই থানার উপ-পরিদর্শক কমল কৃষ্ণ সাহা ২০১৬ সালের ২৩ আগস্ট ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
Leave a Reply