নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবসহ বিভিন্ন কারণে তৃতীয় দফার উপজেলা নির্বাচনে স্থগিত হওয়া ২২টি উপজেলা পরিষদের ভোটের তারিখ জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
তিনি জানান, ২২টি উপজেলা পরিষদের মধ্যে ২০টির ভোট হবে ৯ জুন আর বাকি দুটির ভোট হবে ৫ জুন চতুর্থ ধাপের সঙ্গে।
ইসি সচিব জানান, ৯ জুন বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দীন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা; রাঙ্গামাটির বাঘাইছড়ি এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় ভোট হবে। আর চাঁদপুরে কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ভোট হবে ৫ জুন চতুর্থ ও শেষ দফার ভোটের সঙ্গে।
দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে এবার। গত ৮ মে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয়।
দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোট হয় ২১ মে। আজ তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোট হচ্ছে। তৃতীয় ধাপে আজ দেশের ১১২ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ করা হচ্ছে।
তফসিল ঘোষণার পর প্রার্থীর মৃত্যু, মামলা, বিনা প্রতিদ্বন্দ্বিতার একক প্রার্থীর নির্বাচিত হওয়া এবং রেমালের দুর্যোগের কারণে আজ ২৫ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ৫ জুন চতুর্থ ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে।
Leave a Reply