জ্যেষ্ঠ প্রতিবেদক
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১২ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সাবেক জেনারেল ম্যানেজার মোহাম্মদ সেলিম বলেন, পাওয়ার গ্রিডের সকল সঞ্চালন লাইনে কনভেনশনাল কন্ডাক্টর ব্যবহারের পরিবর্তে প্রায় দ্বিগুণ মূল্যের অ্যালুমিনিয়াম কন্ডাকটর কম্পোজিট কোর ব্যবহার করার মাধ্যমে গত আট বছরে দেশের প্রায় ১০ হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে। কোনো রকম কারিগরি গবেষণা ব্যতিরেকে বোর্ড সভায় বিবিধ আলোচনায় উত্থাপন করে এ প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে।
এই কর্মকর্তা বলেন, সেই অর্থ হাসিনা সরকারের মদদপুষ্ট চিহ্নিত দালালরা পাচার করে নিয়ে গেছে। আমরা এই দালালদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।
কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, বোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং তৎকালীন নির্বাহী পরিচালক (এইচআরএম) মোহাম্মদ শফিকুল্লাহর সময়কালে সার্ভিস রুলকে চরমভাবে অমান্য করে ছাত্রলীগের কর্মীদের ভুয়া অভজ্ঞিতার সার্টিফিকেট তৈরি করে তাদের চাটুকার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া এবং দলীয় কর্মী বিবেচেনায় পদোন্নতি প্রদান করা হয়েছে।
এসব বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ দাবি জানান বিক্ষুব্ধ কর্মীরা। তারা বলেন, দেশবিরোধী সকল সিদ্ধান্তের প্রতিবাদ করায় ইতোপূর্বে অনৈতিক এবং আইন বহির্ভূতভাবে অনেক কর্মকর্তা-কর্মচারীকে কোম্পানির চাকরি থেকে ছাঁটাই করা হয়। ছাঁটাই হওয়া কর্মীদের পুর্নবহাল দাবি জানান তারা।
তারা বলেন, কোম্পানির পরিচালক পর্ষদে মন্ত্রণালয় প্রতিনিধি (সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব) অংশগ্রহণ রহিত করতে হবে। কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি পরিচালনা করতে হবে। কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রণালয়ের ওপর অত্যধিক নির্ভরশীলতা কমাতে হবে।
Leave a Reply