নিজস্ব প্রতিবেদক
চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যাওয়ার সময় তিনি (খালেদা জিয়া) আবারও বলেছেন, আপনি (ফখরুল) সবাইকে বলবেন, দেশবাসী যেন আমার জন্য দোয়া করেন। আমিও (খালেদা জিয়া) আল্লাহর কাছে দোয়া করি, দেশ ও দেশবাসীকে যেন ভালো রাখেন, কল্যাণ করেন।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে, মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে সাজা দিয়ে ছয় বছর আটক করে রাখা হয়। ওই সময় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপরে আমরা বারবার ফ্যাসিস্ট হাসিনাকে অনুরোধ করেছিলাম নেত্রীর চিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেননি।’
এর আগে রাত পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন খালেদা জিয়া।
তারও আগে মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। তাকে বিদায় জানাতে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ঢল নামে। পথে পথে জড়ো হন হাজারো নেতাকর্মী। প্রায় আড়াই ঘণ্টা পর রাত পৌনে ১১টার দিকে গাড়িবহরটি বিমানবন্দরে প্রবেশ করে।
কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে দোহা হয়ে আজ বুধবার স্থানীয় সময় সকালের দিকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করার কথা রয়েছে। লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান তাকে রিসিভ করবেন। এরপর সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
Leave a Reply