নিজস্ব প্রতিবেদক:
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী |
অপরাধ যত বড়ই হোক, ‘মব জাস্টিসে’ সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মব জাস্টিসের নামে কোনো ধরনের কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না।
তিনি বলেন, ‘মব জাস্টিসে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি। অপরাধ যত বড়ই হোক, ‘মব জাস্টিস’ বা উশৃঙ্খল জনতার বিচার সমর্থনযোগ্য নয়।’
মঙ্গলবার (২৪ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিসি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘গত তিনটি নির্বাচন ছিল শেখ হাসিনার একক নাটকীয় নির্বাচন। এসব নির্বাচনের সময়কার সব নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ। তবে তারা যত বড় অপরাধীই হোক, বিচার হবে আইনের মাধ্যমেই, মব জাস্টিসের মাধ্যমে নয়। ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক তিন সিইসি দায়ী থাকলেও আইন সম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি।’
আদালতে পুলিশের উপস্থিতিতে কিভাবে আসামিরা হেনস্তা হন এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা।’
অভিযোগ করে রিজভী বলেন, ‘দেশে আবারো করোনার ভয়াবহতা বাড়ছে, কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একইভাবে ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। তিনি দ্রুত স্বাস্থ্যখাতে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, উপদেষ্টা সায়েদুল হক সাঈদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, যুগ্ম-সাধারণ বেলাল উদ্দীন সরকার তুহিনসহ সহস্রাধিক নেতাকর্মী।
Leave a Reply