হবিগঞ্জ প্রতিনিধি,
হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও হিমায়িত গরুর মাংসসহ চোরাচালানি পণ্য জব্দ হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
এর আগে ৫৫ বিজিবি আটটি সফল অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা, চশমা, কসমেটিকস সামগ্রী, থ্রি-পিস, সানগ্লাস, ব্লাউজ, শাড়ি, হিমায়িত গরুর মাংস ও বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য জব্দ হয়। উদ্ধারকৃত এসব পণ্যের মূল্য আনুমানিক এক কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৫৪৫ টাকা।
আরও পড়ুন: সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানি পণ্য বহন করা হবে। এ সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহল দল তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের নোয়াপাড়া নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে একটি পিকআপ ফেলে পালিয়ে যায় চালক। বিজিবির টহল দল পিকআপটি তল্লাশি করে ভারত হতে অবৈধপথে আসা হিমায়িত গরুর মাংস জব্দ করে।
এছাড়াও ৫৫ বিজিবি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চশমা, কসমেটিকস এবং পরিবহন কাজে ব্যবহৃত বাইসাইকেল জব্দ করে।
পাশাপাশি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুইবিল ও সাতছড়ি বিওপি এবং মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১৩.৭ কেজি ভারতীয় গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, রেডিমেড ব্লাউজ পিস এবং শাড়ি জব্দ করে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ-সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমাদের অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানকৃত পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
Leave a Reply