নোয়াখালী জেলা প্রতিনিধি,
নোয়াখালীতে অভিযান চালিয়ে ৯৪ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। তবে এ সময় একজন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বুধবার (২২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এ্যান্ড আপস) মোহাম্মদ ইব্রাহিম।
গ্রেফতার ব্যক্তি বেগমগঞ্জ উপজেলার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. ইয়াছিন আরাফাত (২২), পলাতক আসামির নাম মো. আরমান হোসেন (২৫)।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের পৌর হাজীপুর মহাজন বাড়িতে মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।
আরও পড়ুন: অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে: ব্যারিস্টার ফুয়াদ
পরে বিশেষ অভিযানে পরিচালনা করে আসামি মো. ইয়াছিন আরাফাতের হেফাজত থেকে প্রথমে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি মো. আরমান হোসেন তার বসতঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
গ্রেফতারের পর ইয়াছিন আরাফাতকে জিজ্ঞাসাবাদে সে তার বসতঘর সংলগ্ন ডোবাতে আরও মদের বোতল লুকানো আছে বলে স্বীকার করে। পরে তার দেখানো মতে এবং ডোবাতে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে আরও ৮৯ (ঊননব্বই) বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৯৪ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
Leave a Reply