টাঙ্গাইল জেলা প্রতিনিধি,
টাঙ্গাইলে ইয়াবাসহ নারী ও ডাকাতির ঘটনায় যুবক গ্রেফতার। ছবি: সং
টাঙ্গাইলে র্যাবের পৃথক অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি এবং ডাকাতির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন— গাজীপুরের কাপাসিয়ার বাহাকোদিয়া গ্রামের হাফিজ উদ্দিন দর্জির মেয়ে মর্জিনা বেগম এবং কুষ্টিয়ার দৌলতপুরের মাদাপুর গ্রামের ভাদু মণ্ডলের ছেলে মো. সামাদ মণ্ডল।
কাওছার বাঁধন জানান, একজন মাদক ব্যবসায়ী টাঙ্গাইল সদর এলাকা থেকে সিএনজিযোগে ইয়াবা নিয়ে নাগরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে দেলদুয়ারের মোহাম্মদপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তায় তল্লাশিচৌকি স্থাপন করে যানবাহন তল্লাশি চলাকালে সিএনজিটিকে সিগন্যাল দিয়ে থামানো হয়।
এ সময় মর্জিনা বেগমের দেহ তল্লাশি করে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি স্মার্টফোন ও নগদ টাকা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ১১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। পরে দেলদুয়ার থানায় মামলা দায়ের করে মর্জিনাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, গত বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরের ডাকাতি মামলার আসামি মো. সামাদ মণ্ডলকে মির্জাপুর থেকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোক্তার হোসেন (৪৮) কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। গত ২৫ সেপ্টেম্বর রাতে তিনি নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন।
পরদিন ভোররাতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাদীর বাড়ির টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে মোক্তার ও তার পরিবারের সদস্যদের মারধর করে। পরে গুলি করে হত্যার হুমকি দিয়ে পরিবারের সদস্যদের মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ তিন লাখ টাকা এবং পালিত গরু, ছাগল ও মুরগি লুট করে প্রায় ৬ লাখ ৫৭ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
এরপর গত ২৭ সেপ্টেম্বর মোক্তার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে বুধবার রাতে সামাদকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply