জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরামের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধান সংশোধন বা পরিবর্তনের একমাত্র স্থান হলো সংসদ। সংসদে প্রস্তাব পাস না করে সংবিধানে কোনো পরিবর্তন আনার সুযোগ নেই। সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। বর্তমান সরকার এই সংবিধান মেনেই শপথ নিয়েছে- তাই সমাধানও সংবিধানের মধ্যেই খুঁজতে হবে, এর বাইরে নয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরামের উদ্যোগে ‘বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
গণভোট প্রসঙ্গে আমীর খসরু বলেন, বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। কেউ গণভোট করতে চাইলে আগে সংবিধান সংশোধন করে তা যুক্ত করতে হবে। আর সে কাজ করতে হয় সংসদে। জনগণের ম্যান্ডেট ছাড়া এটি সম্ভব নয়।
বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও সেটি সাংবিধানিক বা নৈতিকভাবে সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক সহনশীলতা থেকে বিএনপি প্রস্তাবটি দিলেও এটি ভুল ছিল, কারণ এতে জটিলতা বেড়েছে।
আমীর খসরু বলেন, সংবিধান গঠন বা সংশোধনের বিষয়টি মূলত সংসদের। সংসদের বাইরে আলোচনা বা মতামত দেওয়া যেতে পারে, কিন্তু কোনো পরিবর্তন আনতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে। সংসদে প্রস্তাব পাস না করে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই।
তিনি যোগ করেন, বর্তমান সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে। অর্থাৎ, বর্তমান সংবিধানই কার্যকর ও বলবৎ। তাহলে সমাধানও এই সংবিধানের মধ্যেই খুঁজতে হবে। এর বাইরে গিয়ে কোনো পরিবর্তন বা সংশোধনের কারো অধিকার নেই।
Leave a Reply