জ্যেষ্ঠ প্রতিবেদক
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা বা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান। তিনি বলেন, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
একেএম শহীদুর রহমান বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো ধরনের থ্রেট বা হুমকি নেই। তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।’
তিনি আরো জানান, অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে র্যাব সদস্যরাও মোতায়েন থাকবে। বিভিন্ন সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি থাকবে র্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট ও বিস্তৃত সিসিটিভি নজরদারি থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় আগেই সুইপিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া সারাদেশে যেখানে যেখানে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হবে প্রত্যেকটা জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি। ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরেই আমাদের ফুড পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে।’
কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম থাকবে। পুরা এলাকাটাকে আমরা ৬৪টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি তাতে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব এবং পাশাপাশি আমরা সারাদেশেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।
Leave a Reply