কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে হাসপাতালের সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে এ কার্যক্রমে অংশ নেন।
এ সময় এমপি আফজাল হোসেন হাসপাতাল চত্বর পরিষ্কার অভিযানে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ এবং চিকিৎসা সেবার বিভিন্ন দিক ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের সেবার মান আরও উন্নত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এই পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, “নীট অ্যান্ড ক্লিন কুমারখালী” গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুধু হাসপাতাল নয়, উপজেলার সব সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর ও শিক্ষাবিদ আফতাব উদ্দীন মাস্টার, বাগুলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমদ, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সদকী ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল হাসান শমসের, বায়তুলমাল সম্পাদক আব্দুল হাকিম, কয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম মাস্টার, শিলাইদহ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান শহিদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, অফিস সম্পাদক শরিফুল ইসলাম এবং পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানাসহ স্থানীয় নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ এমপি আফজাল হোসেনের এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তাদের মতে, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে হাসপাতালের পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত হবে এবং সাধারণ মানুষ উন্নত চিকিৎসাসেবা পেতে উপকৃত হবে।
Leave a Reply