নিজস্ব প্রতিবেদক
এবার আরও এক ভিন্নধর্মী বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃষ্টিভেজা সন্ধ্যায় তিনি নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ের উদ্দেশে রওনা হয়ে তৈরি করলেন এক অনন্য নজির। এ সময় পাশে বসেছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বুধবার (৬ মে) সারাদিন সচিবালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় কাটানোর পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।
তবে যাত্রার ধরনটাই ছিল সবার জন্য বিস্ময়কর। নির্ধারিত সরকারি বুলেটপ্রুফ গাড়িতে উঠলেও চালকের আসনে বসেন স্বয়ং প্রধানমন্ত্রী। পাশে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কোনো বাড়তি নিরাপত্তা প্রদর্শন বা আড়ম্বর ছাড়াই তিনি স্বাভাবিকভাবে নগরীর ব্যস্ত সড়ক পেরিয়ে পৌঁছে যান গন্তব্যে।
রাষ্ট্রপ্রধানদের এমন সরল ও মানবিক আচরণ আধুনিক গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশেষ তাৎপর্য বহন করে। এটি একদিকে যেমন নেতৃত্বের প্রতি মানুষের আস্থা বাড়ায়, অন্যদিকে শাসক ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব কমিয়ে আনে। অতীতে বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে স্ত্রীকে সঙ্গে নিয়ে অংশ নেওয়ার নজির থাকলেও, প্রধানমন্ত্রীর এভাবে নিজে গাড়ি চালিয়ে সরকারি অনুষ্ঠানে যাওয়ার ঘটনা নিঃসন্দেহে বিরল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
Leave a Reply