মানিকগঞ্জ প্রতিনিধি
পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৪০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের জয়পুর পদ্মারপাড় এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
বিতরণকালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের প্রত্যেককে একটি করে বস্তায় প্রায় ১৪ কেজির বেশি শুকনা খাদ্যসামগ্রী দেওয়া হয়। ভাঙনের কারণে ঘরবাড়ি ও বসতভিটা হারানোর ঝুঁকিতে থাকা পরিবারগুলোর মধ্যে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক মো. শামিম আহমেদ, লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পক্ষ থেকে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, পদ্মার ভাঙনে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দুর্যোগের সময়ে সরকারের পক্ষ থেকে পাওয়া খাদ্য সহায়তা তাদের সাময়িকভাবে হলেও স্বস্তি দেবে। তবে ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।