মোঃ মাসুম রেজা
জয়পুরহাটের সদর ও কালাই উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩ হাজার ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, কালাই উপজেলার টাকাহুত মধুবন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটকরা হলেন—গাইবান্ধার হেলাল উদ্দিন (৩০), বগুড়ার শারমিন (২৬) ও জয়পুরহাট সদরের বাবু কর্মকার (৪৫)।
অপর এক অভিযানে একই এলাকা থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রুহুল আমিন (৪০) ও ফাহিম (২৬) নামের আরও দুজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ তাদের মধ্যে একজনকে তিন মাস এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ২০০ টাকা জরিমানা করা হয়।