1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাই

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

মোঃ আব্দুল রহমানঃ

ঢাকার কেরানীগঞ্জে এক জুয়েলারি ব্যবসায়ী ও তার ফুপাতো ভাইকে গুলি করে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আহত দুজন হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকার অন্তর সরকার (২৫) ও তার ফুপাতো ভাই রাজিব সরকার (২০)। তাদের দুজনেরই পায়ে গুলি লেগেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অন্তর সরকার বলেন, হযরতপুর বাজারে তাদের একটি জুয়েলারি দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি, তার বাবা নিতাই সরকার ও রাজিব স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে একটি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। হযরতপুর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন তাদের অটোরিকশার গতিরোধ করেন।

অন্তর সরকার বলেন, এরপর দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ও রাজিবের পায়ে গুলি লাগে। এ সময় হামলাকারীরা তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকারের একটি টিফিনবাক্স নিয়ে পালিয়ে যায়। ওই বাক্সে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল। পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..