শরীয়তপুরপ্রতিনিধি
জাজিরায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে নৌ পুলিশ। সভা থেকে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার পাশাপাশি ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও বাজারজাতের সঙ্গে জড়িতদের সতর্ক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জাজিরা উপজেলার মাঝিরঘাট বাজারসংলগ্ন এলাকায় মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। সভাপতিত্ব করেন মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাইনুল ইসলাম ফরাজী। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ, সমাজপতি, জেলে, আড়তদার, পাইকার, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় প্রায় ৩০০ থেকে ৩৫০ জন অংশ নেন।
সভায় নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা নদীর এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময়ে কোনো জেলে নদীতে মাছ ধরতে পারবেন না।
নিষেধাজ্ঞার সময়ে ইলিশসহ কোনো ধরনের মাছ সংগ্রহ, বিক্রি, পরিবহন ও বাজারজাত না করার জন্য আড়তদার ও পাইকারদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মাছের আড়ত ও বরফকল বন্ধ রাখার বিষয়ে সতর্ক করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে বা অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নৌ পুলিশ। ইলিশের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে জেলে, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
এর আগে সোমবার সকালে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। সেখানে কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নৌ পুলিশের এ জনসচেতনতামূলক কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের প্রতিনিধিরা।