1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের অভিনন্দন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
গণকর্মচারীদের দীর্ঘদিনের বহুল কাঙ্ক্ষিত দাবি নবম পে-স্কেল-এর গেজেট জারি ও বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
গতকাল বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহকারী সচিব মোঃ আবদুল খালেক, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম. এ. হান্নান, মহাসচিব বেল্লাল হোসেন, সহ-সভাপতি রফিকুল আলম, যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান সিরাজ ও আবদুল গাফফার সহ ঢাকা মহানগর সমন্বয় পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে পরিষদের সভাপতি এম. এ. হান্নান দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি নিজ নিজ অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করার আহ্বান জানান। দীর্ঘ দিন ধরে নবম পে-স্কেলের আন্দোলনে সারা দেশের যেসকল কর্মচারী বিভিন্নভাবে সহযোগিতা ও অবদান রেখেছেন, তাঁদের সকলকে বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।
পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে সভাপতি এম. এ. হান্নান ও মহাসচিব বেল্লাল হোসেনের নেতৃত্বে সরকারি কর্মচারীদের অবশিষ্ট পাঁচ দফা প্রস্তাবিত দাবি মাননীয় অর্থ মন্ত্রীর কাছে পেশ করা হয় এবং তা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
পেশকৃত ৫ দফা দাবিসমূহ:
১. আউটসোর্সিং প্রথা সম্পূর্ণরূপে বাতিল করে এই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্তদের রাজস্ব খাতে স্থানান্তর করা।
২. ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য পুলিশের মতো রেশন সুবিধা চালু করা।
৩. সচিবালয়ের কর্মচারীদের মতো সমগ্র প্রজাতন্ত্রের কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন করা।
৪. পূর্ণাঙ্গ পে-স্কেল সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিদ্যমান বিশেষ সুবিধা বহাল রাখা।
৫. ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পোশাক ভাতা নার্সদের মতো সরাসরি বেতনের সাথে প্রদান করা।

কর্মচারী নেতারা আশা প্রকাশ করেন যে, সরকার দ্রুত সময়ের মধ্যে এসব যৌক্তিক দাবি বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..