এসডি সোহেল রানা
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা অফিসার্স ক্লাবের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী ফরিদা হক দীপা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিব উল আহসান, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল ও সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।