1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

জাগীরে গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরির গোডাউনে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে এক বছর এবং অপর আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জাগীরের রুচি ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির গোডাউনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের বিচারক ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন।
প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই গোডাউনে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে নয়জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জবাই করা ১৩টি ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন-মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার লুৎফর রহমানের ছেলে মিজানুর রহমান, ঢাকার বাড্ডা এলাকার নিয়ামত মিয়ার ছেলে ইমন হাসান, একই এলাকার আব্দুর রহমানের ছেলে তুহিন ও নেয়ামতুল্লাহর ছেলে মাসুদ, গাজীপুরের তেলিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে রুবেল ও দিঘিরচালা এলাকার কালো মিয়ার ছেলে ইব্রাহিম খলিল, জামালপুরের তুলসীপুর এলাকার জিল হাফেজের ছেলে সোহেল রানা, টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার আদম আলীর ছেলে হুমায়ুন কবির এবং ঢাকার বড় বেরাত এলাকার আব্দুর রহমানের ছেলে মারুফ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিক্তা খাতুন জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে ঘোড়া জবাই করে ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় মাংস সরবরাহ করার কথা জানিয়েছেন। সিংগাইর উপজেলার হিরু নামের এক ব্যক্তি তাদের ভাড়া করে এ কাজ করাতেন বলেও তারা জানিয়েছেন।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অবৈধভাবে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..