মেহেরপুর জেলা প্রতিনিধি,
মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর মাথাভাঙ্গা নদীর পানিতে ডুবে সাগরী খাতুন(২৭) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার ভবানীপুর গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
কাজিপুর ইউনিয়নের ইউপি সদস্য ভবানীপুর গ্রামের রেজাউল হক জানান, শুক্রবার সকালে সাগরী খাতুন বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে তার সন্তানের কাপড়-চোপড় ধোয়ার জন্য যান।
ধারণা করা হচ্ছে, কাপড় ধোয়ার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নদীর পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা নদীতে তার মরদেহ ভাসতে দেখে দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। গৃহবধূর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ কর্মকর্তা(ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।