ঝিনাইদহ জেলা প্রতিনিধি,
বিরোধীদলের ৩৮ প্রস্তাবের একটিও নেয়নি সরকার, অসহযোগিতার অভিযোগ হাস্যকর
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারকে বিভিন্ন সংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে ৩৮টি প্রস্তাব দেওয়া হলেও তার একটিও গ্রহণ করা হয়নি। অথচ বিরোধী দলের বিরুদ্ধে সরকারের অসহযোগিতার অভিযোগ করছে, যা হাস্যকর।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহে সাংগঠনিক সফরে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধীদলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে। চলমান সংকট নিরসনে বিরোধীদল তাদের নিজ খরচে এক্সপার্ট নিয়োগ করে, সেই এক্সপার্টের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে পৌঁছে দিয়েছে। তবে বিরোধীদলের সেই প্রস্তাবে কোনো ভ্রুক্ষেপ করেনি সরকার।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতসহ বিরোধীদল সরকারকে সহযোগিতা করতে চায়, কিন্তু সরকার শুধু বিরোধিতার স্বার্থেই বিরোধীদলের বিরোধিতা করছে।
ছায়া মন্ত্রিসভা সরকারকে সহযোগিতা করছে কিনা এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে। কিন্তু সরকার জামায়াতসহ বিরোধীদলের কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত গ্রহণ করেনি। সরকারের পক্ষ থেকে বিরোধীদলের বিরুদ্ধে অসহযোগিতা করার যে অভিযোগ তোলা হচ্ছে, তা হাস্যকর।’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমি বলব যে, বিএনপি হলো অকৃতজ্ঞ। ২০০১ সালের নির্বাচনের পরে আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে সেই সময় সার্বিক সবকিছু বিবেচনা করে আমরা পাঁচটি বছর বিএনপির সঙ্গে ছিলাম। দেশের কল্যাণের স্বার্থে, আধিপত্যবাদী শক্তি মোকাবিলা করার স্বার্থে জামায়াত সেই সময় বিএনপিকে সমর্থন করে। এর আগে বিএনপি ৯১-এ সরকার গঠন করেছিল। সেখানেও আমরা বিএনপিকে সহযোগিতা ও সমর্থন দিয়েছিলাম। কিন্তু সরকার গঠন করার পরই বিএনপি জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল। ঢাকা, রাজশাহী, খুলনায় আমাদের কর্মীদের শহীদ করেছিল। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের শিবিরের ছেলেদের হত্যা করেছিল। আমরা বারবার বিএনপিকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা চ্যালেঞ্জ করছি, এখনো তারা জামায়াতকে নিয়ে বিরোধিতার স্বার্থে বিরোধিতা করছে। বিএনপি হলো অকৃতজ্ঞ দল। বিএনপির এই বিরোধিতা অনেকটা সেই প্রবাদের মতো- ‘নেই কাজ তো খই ভাজ।’