নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠ দখলকে কেন্দ্র করে পাছলাড়–য়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাছলাড়–য়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি মাপজোক ও দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও হাসুয়া দিয়ে হামলা চালানো হয়। আহতদের নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।