1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

হরিরামপুরে ইছামতীর বুকে নৌকা বাইচ, উৎসবে মাতল হাজারো মানুষ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতী নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ঝিটকা মনোপীর মাজারসংলগ্ন ইছামতী নদীতে মনোপীর দরবারের উদ্যোগে এ আয়োজন করা হয়।
নৌকা বাইচকে ঘিরে সকাল থেকেই স্থানীয়দের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। বিকেলে প্রতিযোগিতা শুরু হলে নদীর দুই পাড়ে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী হাজারো দর্শকের সমাগম ঘটে। নদীর বুকে ছুটে চলা নৌকা, মাঝিদের ছন্দময় বৈঠার টান আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগী দলগুলো সুসজ্জিত নৌকা নিয়ে অংশ নেয়। প্রতিযোগিতা শুরুর পর দ্রুতগতিতে একের পর এক নৌকা এগিয়ে যেতে থাকে। নৌকার গতি বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের উচ্ছ্বাসও বাড়তে থাকে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু-স্বজনদের সঙ্গে নদীর পাড়ে দাঁড়িয়ে উপভোগ করেন ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা।
নৌকা বাইচের আয়োজন পরিদর্শন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, নদীমাতৃক বাংলাদেশের লোকজ সংস্কৃতির সঙ্গে নৌকা বাইচের রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক। বর্ষা মৌসুমে নদী-নালা পানিতে ভরে উঠলে গ্রামবাংলার বিভিন্ন এলাকায় এ ধরনের আয়োজন হয়ে থাকে। এতে একদিকে যেমন মানুষের বিনোদনের সুযোগ তৈরি হয়, অন্যদিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যায় দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি।
ইছামতী নদীর এবারের নৌকা বাইচও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নদীর দুই পাড়ে মানুষের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে এটি পরিণত হয় এক মিলনমেলায়। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..