গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) আফরোজা পারভীন। আজ সোমবার (২৫ মে) দুপুরে তিনি বাস টার্মিনাল, ফেরি ও লঞ্চঘাট এলাকার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে এই পরিদর্শনের আয়োজন করা হয়।
এ সময় যাত্রীদের সেবার মান বাড়াতে এবং ঘাটের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক। বিশেষ করে টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর বিশেষ জোর দেন তিনি। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা সম্বলিত পোস্টার ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এবং নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ‘ঈদকে সামনে রেখে দৌলতদিয়া ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রী ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। বিশেষ করে ঘরমুখো মানুষ ও কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপদ ও নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। কোনো ধরনের ভোগান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক আফরোজা পারভীন সাধারণ যাত্রী ও ঘাট সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, ‘ঈদে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, পুলিশ, বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। ফেরিঘাট এলাকায় যানজট নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পশুবাহী ট্রাক দ্রুত পারাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাট এলাকায় সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন।’