নিজস্ব প্রতিবেদক
ইংরেজি নতুন বছরের শুরুর দিন থেকেই শীতে জবুথবু সারাদেশ। কয়েক জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের কাঁপুনি থেকে বাদ যায়নি বাংলাদেশের রাজধানী ঢাকাও। বিশেষ করে গত তিন দিনের শীত বেশ কাবু করেছে নগরবাসীকে। দুই দিন ঘনকুয়াশার কারণে দেখা মেলেনি সূর্যের। ভরদুপুরেও বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। এমন অবস্থা থেকে কিছুটা সুসংবাদ এসেছে রাজধানীবাসীর জন্য। আজ ঢাকার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তাছাড়া আজ ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে বলেও জানান তিনি।
শনিবার (৪ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দৃশ্যমান হচ্ছে না। তবে গত দুই দিনের তুলনায় আজ ঢাকায় কুয়াশার পরিমাণ কম। সে অনুযায়ী আজ সূর্যের দেখা মিলতে পারে। তবে সেটি স্বল্প সময়ের জন্য। ঘন কুয়াশা ঢাকা এবং আশপাশের অঞ্চলগুলোতে কিছুটা কমতে শুরু করেছে। ফলে ঠান্ডার অনুভূতিও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত ঢাকায় কুয়াশা পড়লেও আগের তিন দিনের তুলনায় অনেকটা কম। সূর্য না উঠলেও কিছুটা ঝলমলে ভাব আছে। গত তিন দিনের তুলনায় শীতের তীব্রতাও কিছুটা কমেছে।
এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা এবং প্রধানত শুষ্ক থাকতে পারে। আর কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে এসব এলাকার দিনের তাপমাত্র সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। একইসঙ্গে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।
গতকাল রাতে আবহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের উত্তরের রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া জেলা এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
Leave a Reply