আব্দুর রহমান বাঘাইছড়ি উপজেলা
পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য শনিবার (০৭ নভেম্বর ২০২৬) ইং তারিখে রানাসাবা পাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর রুপেশ চাকমা ওরফে ইয়াং বাবু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ০১টি দেশীয় পিস্তল,০৩ টি এ্যামোনিশন,০১টি দেশীয় চাকু,০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,০১ টি ফোনের চার্জার,০১টি ফোনের কভার,০১টি কালো রঙের টাকা কালেকশনের ব্যাগ,০১ টি লাইটারের ব্যাটারি,০৪ টি কম্বল,নগদ টাকা,০৭ টি চাঁদা আদায়ের রশিদ বই,০১টি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল,পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়।
উল্লেখ্য, রুপেশ চাকমা ওরফে ইয়াং বাবু ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর হিসেবে শুকনাছড়া ও রানাসাবা এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রমের মাধ্যমে দুর্গম পার্বত্য অঞ্চলে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাঘাইহাট জোনের তৎপরতা অব্যাহত রয়েছে।