পঞ্চগড় জেলা প্রতিনিধি:
দেশবিরোধীদের প্রত্যাখ্যান করে সনাতন ধর্মাবলম্বীরা ধানের শীষকে মর্যাদা দিয়েছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আমাকে, তারেক রহমানকে না দেখে লক্ষীমা ধানের শীষ মার্কা কে ভোট দিয়েছিলেন সনাতনীরা। যারা ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে মানচিত্র চায়নি যারা বাংলাদেশের পতাকা চায়নি, যারা স্বাধীনতা চায়নি তারাই আজকে বিভিন্নভাবে সাধারণ মানুষদের প্রলুব্ধ করে এই বাংলাদেশের মসনদে বসতে চায়। এটা তাদের মনে রাখতে হবে এখন আর সনাতনীরা কারো পকেট ভোট নয়।
তিনি আরও বলেন, বাবা-মা এর সাথে সম্পর্ক থাকতে হবে গভীর, শ্রদ্ধা ও সম্মানের। বাবা-মা কে সর্বোচ্চ মর্যাদার আসনে রাখতে হবে। ধর্মীয় অনুভূতি আলাদা থাকলেও মানবতার দিক থেকে আমরা সবাই সমান, যেমন আমরা একে অন্যকে বিপদের সময় জাতি ও ধর্মীয় ভেদাভেদ ভুলে রক্তদান করে থাকি।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের শ্রীশ্রী বামাকালী রাধামাধব জিউ মন্দিরের আয়োজনে ২৫তম বিশাল বর্ষপদযাত্রা ও সনাতন ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা সমবেত হন। ধর্মীয় আলোচনা ও ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি সাজ্জাদুর রহমান জুয়েল, দামোদর পদযাত্রা উদযাপন কমিটির উপদেষ্টা বাবু শ্রী কল্যাণ কুমার ঘোষ, পঞ্চগড় জজকোর্টের প্রশাসনিক কর্মকর্তা বাবু শ্রী বৈদ্যনাথ বর্মন, অ্যাডভোকেট বাবু শ্রী বিধুভূষণ রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।