*নুরুল আলম সিকদার*
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। এ সময় দুটি বাটন ফোনও জব্দ করা হয়।
শুক্রবার (১৩ ও ১৪ নভেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মাদক পাচারের খবর পেয়ে সি বিচ বিওপির আওতাধীন মহেশখালী পাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় বিজিবি। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে একটি অটোরিকশায় আসা দুই নারীকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।
অন্যদিকে, ১৪ নভেম্বর রাত ১টার দিকে সাবরাং বিওপির বিশেষ টহল দল নাফ নদীর জিন্নাখাল এলাকায় স্পিডবোট নিয়ে অবস্থান নেয়। রাত ১টা ৫০ মিনিটের দিকে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। রাত ২টার দিকে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি। এ সময় একজন পালিয়ে গেলেও অপরজনকে একটি বস্তাসহ আটক করা হয়। পরে বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হাবিলপাড়া এলাকার ছেনোয়ারা বেগম (৫০), দিলারা বেগম (৪০) এবং সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার মো. হোসেন (৫০)। এ ঘটনায় মো. শাকের (৪০) নামে আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচার প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল, তল্লাশি কার্যক্রম ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের এবং জব্দ করা ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।