তাজরিন আক্তার মুন্নি
নিখোঁজের একদিন পর গঙ্গাধরপট্টি এলাকার একটি খাল থেকে জিহাদুল ইসলাম আলীম নামের যুবকের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার একটি খাল থেকে জিহাদুল ইসলাম আলীম (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিহাদুল ইসলাম আলীম মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
নিহতের বাবা আমজাদ হোসেন জানান, তার ছেলে আলীম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনতায়ও ভুগছিলেন। গত ১৯ নভেম্বর সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে গঙ্গাধরপট্টি এলাকার খালের পাড়ে এলাকাবাসী একজোড়া জুতা দেখতে পান। তারপর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়,খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্টেশন অফিসার মো. মিরাজ উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে খাল থেকে জিহাদুল ইসলাম আলীমের মরদেহ উদ্ধার করা হয়।