1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

লৌহজংয়ে পিকআপচালককে পিটিয়ে জখম, গাড়ি ভাঙচুর; টাকা ও স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

আসাদউজ্জামান,
মুন্সীগঞ্জের লৌহজংয়ে গরুবোঝাই পিকআপ থামিয়ে চালককে লোহার রড ও কাঠের ডাসা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করে নগদ ২৭ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার বেজগাঁও ইউনিয়নের ছত্রিশ এলাকার একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহত চালকের নাম জসিম শেখ (৩৮)। তিনি উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পশ্চিম গাঁওদিয়া গ্রামের বাসিন্দা। পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি।
এ ঘটনায় জসিম শেখের ছোট ভাই মেহেদী হাসান (২৪) লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ছত্রিশ এলাকার লোটন সরদার, লিটন সরদারের ছেলে সাইদ সরদার (৩০), রাসেল সরদার (২৫), জুলমত সরদার (২২) এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জসিম শেখ গাঁওদিয়া এলাকা থেকে পিকআপে গরু বোঝাই করে ঢাকার নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথে বেজগাঁও ইউনিয়নের ছত্রিশ এলাকার একটি মসজিদের পাশে চা পান করার জন্য গাড়ি থামান। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে অনৈতিকভাবে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালান।
অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে এক অভিযুক্ত লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে জসিমের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথার ডান পাশে গুরুতর রক্তাক্ত জখম হয়। আরেক অভিযুক্তের রডের আঘাতে তাঁর ডান হাতের আঙুলে নীলাফুলা জখম হয়। এ ছাড়া অন্য অভিযুক্তরা লোহার রড ও কাঠের ডাসা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

অভিযোগ অনুযায়ী, হামলার একপর্যায়ে অভিযুক্তরা পিকআপের সামনের গ্লাস, দুই পাশের দরজার গ্লাসসহ গাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করেন। এতে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। এ সময় জসিমের কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা এবং প্রায় ৩২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোনও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
জসিমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ভবিষ্যতে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসা দেন।

আহত জসিমের ছোট ভাই ও অভিযোগকারী মেহেদী হাসান জানান, বড় ভাইয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন ভুক্তভোগীর পরিবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..