কক্সবাজার প্রতিনিধি :
মিয়ানমার থেকে পাচার করা এক কেজিরও বেশি ওজনের সোনার সাতটি বারসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি।
কক্সবাজারের বিজিবির রামু-৩০ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজিচালিত একটি ট্যাক্সি থেকে চোরাই সোনাসহ তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারির নাম মোহাম্মদ রিফাত (২০)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু পশ্চিমকূল গ্রামের বাসিন্দা।
বিজিবি রামু ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম ফারুক বলেন, টেকনাফ থেকে কক্সবাজারমুখী সিএনজিচালিত ট্যাক্সির যাত্রীর কোমরের সঙ্গে বিশেষ পদ্ধতিতে লুকানো সোনার চালানটি উদ্ধার করা হয়।
মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার মাহমুদুল হাসান বলেন, মিয়ানমার থেকে সোনার চালানটি পাচার করে আনা হচ্ছিল। আটক পাচারকারী স্বীকার করেছেন যে, তিনি অর্থের বিনিময়ে মিয়ানমার নাগরিকের কাছ থেকে তুমব্রু সীমান্ত থেকে সোনার বারগুলো কেনেন।
মাহমুদুল হাসান জানান, উদ্ধার হওয়া ১.১৬২ কেজি ওজনের সাতটি সোনার বারের মূল্য ৭০ লাখ টাকা। এ ব্যাপারে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply