ঢাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিনেটের এই বার্ষিক অধিবেশন আহ্বান করেছেন। বৃহস্পতিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক এই অধিবেশন অনুষ্ঠিত হবে। সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করবেন।
চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সিনেটের এই বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে।
সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৮শ’ ৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট উপস্থাপন করবেন।
Leave a Reply