1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

বরগুনার লেমুয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ৩০–৪০টি দোকান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত
৩৫

বরগুনা জেলা প্রতিনিধি,

বরগুনার লেমুয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ৩০–৪০টি দোকান
বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ থেকে ৪০টি দোকান ও কয়েকটি বসতঘর পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের মালামাল, নগদ অর্থ ও ব্যবসায়িক কাগজপত্রসহ বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, ক্ষতির পরিমাণ ৮ থেকে ১০ কোটি টাকার মধ্যে হতে পারে।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। পরে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারের অধিকাংশ দোকান টিন ও দাহ্য উপকরণ দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা নিজেদের উদ্যোগে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পাথরঘাটা ও পার্শ্ববর্তী মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাজারের ৩০ থেকে ৪০টি দোকান ও কয়েকটি বসতঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের দোকানে থাকা মালামাল, নগদ অর্থ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে গেছে। এতে অনেকেই সর্বস্ব হারিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারত। তাদের ভাষ্য, উপজেলা সদর থেকে রায়হানপুর ও কাকচিড়া ইউনিয়নের দূরত্ব বেশি হওয়ায় জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের পৌঁছাতে সময় লাগে। তাই ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি কমাতে রায়হানপুর বা কাকচিড়া এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
অগ্নিকাণ্ডের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..