আলমডাঙ্গা প্রতিনিধি: আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর অর্থায়নে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিতে লটারির মাধ্যমে নির্বাচিতদের হাতে ভিসা ও পাসপোর্টসহ সকল কাগজপত্র তুলে দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা কলেজ রোডে অবস্থিত লিপু টাওয়ারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় লিপু সমর্থকগোষ্ঠীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে পৌর এলাকার নিজ খরচে পৌর শহরের মোট ৩০টি জামে মসজিদের ইমামদের পবিত্র ওমরা হজ পালনের সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রথম দফায় লটারির মাধ্যমে চারজন সম্মানিত ইমাম পবিত্র ওমরা পালনের সুযোগ পাচ্ছেন। পর্যায়ক্রমে পৌর শহরের বাকি মসজিদগুলোর ইমামরাও এই সুযোগ পাবেন।
সৌভাগ্যবান চারজন হলেন-পৌরসভার কলেজপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মাহদী হাসান, নওদাবন্ডবিল জামে মসজিদের খতিব মো. মুকতারুজ্জামান, গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মো. জাকারিয়া হাবিব এবং এরশাদপুর মাগুরাপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. ওবায়দুল্লাহ।
পরে নির্বাচিত চার ইমামের হাতে ওমরাহ পালনের ভিসা, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পৌর এলাকার মসজিদগুলোর সম্মানিত ইমামদের পর্যায়ক্রমে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে লটারির ভিত্তিতে নির্বাচিত ইমামরা ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।হজ্জে যাওয়া থেকে শুরু করে বাড়ি ফিরে আসা পর্যন্ত সকল খরচ হাসিবুল হক লিপুর অর্থায়নে হবে।
আয়োজকরা আরও জানান, এটি মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপুর পক্ষ থেকে এটা কোন প্রথম উদ্যোগ নয়। তার আয়ের একটা নির্দিষ্ট অংশ মানবকল্যানসহ ধর্মীয় জায়গায় ব্যয় করেন। এর আগেও তিনি বিভিন্ন ব্যক্তিকে পবিত্র হজ ও ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি মসজিদ নির্মান, ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ প্রদানসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি অবদান রেখে আসছেন বলে দাবি করেন আয়োজকরা।