নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি ইন্টারস্পিড অ্যাক্টিভেশন লিমিটেড মালয়েশিয়ার ক্রীড়াঙ্গন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ল্যাভিস প্রাইভেট লিমিটেডের সঙ্গেপার্টনারশিপ করেছে। এর মাধ্যমে বাংলাদেশে আধুনিক ও বিশ্বমানের ক্রীড়াঙ্গন গড়ে তোলার সম্ভাবনা নিয়ে কাজ করবে প্রতিষ্ঠান দুইটি।
এই পার্টনারশিপ ক্রীড়াবিদ ও দেশের ক্রীড়াঙ্গনের জন্য উন্নত সুযোগ-সুবিধা এবং আধুনিক অবকাঠামো গড়ে তুলতে বাংলাদেশ সরকারের লক্ষ্যকে এগিয়ে নিতে সহায়তা করবে।
এই চুক্তির আওতায় ইন্টারস্পিড ও ল্যাভিস যৌথভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য একটি মাল্টিপারপাস ক্রীড়াঙ্গনের নকশা তৈরি করবে। প্রস্তাবিত এই ক্রীড়াঙ্গনে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা ও অনুষ্ঠান আয়োজন করা যাবে।
ইন্টারস্পিড অ্যাক্টিভেশন লিমিটেডের ডিরেকটর জনাব আদনান করিম এবং ল্যাভিস প্রাইভেট লিমিটেডের ডাটুকজ্যাক কোহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জনাব করিম বলেন, “এই চুক্তি দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ল্যাভিসের সঙ্গে মিলে আমরা এমন একটি আধুনিক স্থাপনা গড়ে তুলতে চাই, যা ভবিষ্যতে ক্রীড়াবিদ, ক্রীড়া ফেডারেশন ও দেশের ক্রীড়াঙ্গনের জন্য দীর্ঘদিন কাজে আসবে।”
এই প্রক্রিয়ার মাধ্যমে একটি আধুনিক ও মাল্টিপারপাস ক্রীড়াঙ্গনের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে, যা দেশের ক্রীড়া উন্নয়নে সহায়তা করার পাশাপাশি বড় ধরনের ক্রীড়া অনুষ্ঠান ও বিভিন্ন কার্যক্রম আয়োজনের উপযুক্ত স্থান হিসেবে কাজ করবে।
১৯৬৮ সাল থেকে পরিচালিত ইন্টারস্পিড অ্যাক্টিভেশন লিমিটেড বাংলাদেশের অন্যতম অগ্রণী বিজ্ঞাপন ও বিপণন সংস্থা। প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ, বিমান চলাচল, এফএমসিজি এবং অন্যান্য খাতের গ্রাহকদের ব্র্যান্ড অ্যাক্টিভেশন, স্পোর্টস পার্টনারশিপ এবং সমন্বিত বিপণন কর্মসূচি নিয়ে কাজ করে।