1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

আবরারের আত্মত্যাগ দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক: রিজভী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জাতীয়তাবাদী শক্তির প্রতিরোধের প্রতীক হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের প্রশ্নে এবং জাতির স্বার্থে জাতীয়তাবাদী শক্তি কখনো আত্মসমর্পণ করবে না।

বুধবার (৭ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, সবকিছু করছি। কিন্তু দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে আমরা কখনোই আত্মসমর্পণ করব না। আমরা আমাদের যে অস্তিত্ব, আমাদের যে ভূমি, এটিকে রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই করব।’ আবরার ফাহাদকে জাতীয়তাবাদী শক্তির অনন্য এক উজ্জ্বল প্রতীক উল্লেখ করে তিনি বলেন, ‘এই প্রতীককে কেউ অবগুণ্ঠন করে রাখতে পারবে না, একে কখনও কুণ্ঠিত করতে পারবে না।’

আবরারের আত্মদানকে নিছক হত্যাকাণ্ড হিসেবে না দেখার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আবরারের আত্মদান শুধু একটি নিছক হত্যাকাণ্ড হিসেবে দেখলে হবে না। তার ফেসবুক পোস্টের প্রতিটি শব্দ ছিল অত্যন্ত ধারাল, শানিত ও তীক্ষ্ণ। দেশের শত্রুদের বিরুদ্ধে, যারা বাংলাদেশকে করায়ত্ত করতে চায় এবং আগ্রাসী থাবার মধ্যে রাখতে চায়, তার বক্তব্য ছিল তাদের বিরুদ্ধে’।

তিনি বলেন, ‘আবরার আক্রমণ ও হত্যার মধ্য দিয়ে তাকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাতে এ ধরনের কথা লিখলে আর কেউ সাহস না করে। কিন্তু সেই বার্তা ভুল প্রমাণিত হয়েছে। বরং, আবরারের মৃত্যু গোটা জাতিকে আরও বেশি সংগঠিত করেছে এবং আগ্রাসী ও সম্প্রসারণবাদী শক্তির বিরুদ্ধে মানুষের প্রতিরোধের শক্তির স্ফুরণ ঘটেছে।’

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সে সময় দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন, ভারতকে যা দেওয়া হয়েছে তা তারা মনে রাখবে। এই নতিস্বীকারের বিরুদ্ধে আবরার ফাহাদ যে প্রতিবাদ করেছিলেন, সেটিই তার অপরাধ হিসেবে বিবেচিত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘আবরার ফাহাদের আত্মদানের মধ্য দিয়ে ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’ কথাটি নতুন করে প্রমাণিত হয়েছে।’ তিনি বলেন, ‘তোমরা হয়তো অনেক কিছুই করতে পার, অনেক চুক্তি করতে পার। কিন্তু জনগণ বিনা যুদ্ধে আমার স্বার্থের বাইরে কিছু যায়, সেখানে আপস করবে না।’

আবরারের বাবা মো. বরকত উল্লাহর সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, অনুষ্ঠানে তার পাশে বসেছিলেন তিনি। বরকত উল্লাহ তাকে জানিয়েছিলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ১৯৯০ সালের রাকসু নির্বাচনে রিজভীকে ভোট দিয়েছিলেন। বিষয়টি তাকে আবেগাপ্লুত করেছে বলেও জানান তিনি।

ছাত্রদলের ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, রাজপথে বারবার রক্তাক্ত হলেও সংগঠনটি বেগম খালেদা জিয়ার আপসহীন ধারাকে ধারণ করে কোনো গোপন বা ছদ্মবেশী রাজনীতির আশ্রয় নেয়নি। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তারা নিজেদের স্বাধীন অস্তিত্ব ধরে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ২০১৯ সালের ৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বপ্রথম ছাত্রদল প্রতিবাদে নামে। ছাত্রলীগের চোখ রাঙানি উপেক্ষা করে সেদিন হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী প্রতিবাদে শামিল হয়েছিলেন’।

তিনি আরও বলেন, ‘আবরার ফাহাদের মতোই ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে শত শত ছাত্রদল নেতাকর্মীকে পৈশাচিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। অনেকের হত্যাকাণ্ডের কোনো সিসি ক্যামেরার ফুটেজ বা ডকুমেন্টস পাওয়া যায়নি।’

২০২৪ সালে গুম কমিশন গঠনের পরও অসংখ্য ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীকে চোখ বেঁধে এবং বালুর বস্তা বেঁধে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন রাকিব। আবরার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

ছাত্রলীগের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আল জেমির কারাগার থেকে পালিয়ে যাওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন রাকিব। এর পেছনে বিশেষ কোনো গোষ্ঠী জড়িত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ছাত্রলীগের বিচার ও তাদের প্রতিহত করার ক্ষেত্রে অন্যান্য ছাত্রসংগঠনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ঢাকা কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও পূর্ব ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..