নুরুল আলম সিকদার,
কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন হ্নীলা বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী শ্মশানঘাট এলাকায় এ অভিযান চালায়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল শ্মশানঘাট এলাকায় অভিযান চালানোর সময় মিয়ানমার থেকে চারজন ব্যক্তিকে বস্তা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তাগুলো শ্মশানঘাটের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বস্তাগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা ৪০ কাট ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৪ লাখ পিস বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।