উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী রিজভীর ঘের এলাকায় টহল দেওয়ার সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির বিশেষ টহল দল। এ সময় তাদের চ্যালেঞ্জ করা হলে চোরাকারবারিরা হাতে থাকা দুটি পলিব্যাগ রিজভীর ঘেরের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে পলিব্যাগ দুটি উদ্ধার করেন। পলিব্যাগের ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০ কাটে থাকা আনুমানিক এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ সময় ঘটনাস্থলে বিস্তারিত তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।