মোঃ মাসুম রেজা
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী যৌথ অভিযানে উইন সেরেক্স (WIN CEREX) সিরাপসহ দুইজনকে আটক করেছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের দক্ষিণ রামভদ্রপুর ও কুটাহাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর তিনটি টহলদল, এসআরবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাটের একটি টহলদল যৌথভাবে অভিযান চালিয়ে মোঃ আব্দুর রহিম (৩৫) ও রাব্বি হাসান (৩২) নামে দুইজনকে আটক করে।
আটক আব্দুর রহিম দক্ষিণ রামভদ্রপুর এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে এবং রাব্বি হাসান কুটাহাড়া এলাকার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।
অভিযানে তাদের কাছ থেকে উইন সেরেক্স (WIN CEREX) সিরাপের ৬ বোতল এবং আরও ১.৬০০ লিটার সিরাপ জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
আটক ব্যক্তিদের ও জব্দ করা মাদকদ্রব্য পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।