1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

কক্সবাজারেও বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত
৩৩

কক্সবাজারপ্রতিনিধি

চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনার পর এবার কক্সবাজারেও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। কক্সবাজার স্টুডেন্ট ফোরামের উদ্যোগে চকরিয়া উপজেলার তিনটি প্রত্যন্ত গ্রামের ২২০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে।

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী এবং চকরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। মাতামুহুরী ও সাঙ্গু নদীর নাব্যতা সংকট, পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হওয়া এবং বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় লোকালয়ে পানি ঢুকে ব্যাপক জলাবদ্ধতা ও দুর্ভোগের সৃষ্টি হয়। এতে প্রায় ৯ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক পানির নিচে তলিয়ে যায়। অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয় এবং দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও জরুরি ওষুধের সংকট দেখা দেয়।

এ পরিস্থিতিতে চট্টগ্রামে সফলভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনার পর চুয়েটের কক্সবাজারের শিক্ষার্থীদের সংগঠন ‘কক্সবাজার স্টুডেন্ট ফোরাম’ চকরিয়া উপজেলার সুরাজপুর, মানিকপুর ও বরইতলী গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। সংগঠনটির উদ্যোগে দুই দফায় মোট ২২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রমে চুয়েট শিক্ষার্থীদের আট সদস্যের একটি দল সরাসরি অংশ নেয়।

বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল, চিড়া, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ।

সংগঠনের সভাপতি এবং চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, নিজ এলাকার মানুষের দুর্দিনে পাশে থাকতে পারা এবং চুয়েটকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তাদের জন্য গর্বের। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের সাময়িক দুর্ভোগ লাঘবে সামান্য ভূমিকা রাখতে পেরেছেন, এটিই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এ উদ্যোগে আর্থিক সহযোগিতা, শ্রম ও দোয়ার মাধ্যমে যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কক্সবাজার স্টুডেন্ট ফোরামের সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সংগঠনের সহ-সভাপতি এবং চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এহতেশামুল হক বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। কক্সবাজার স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি এ কার্যক্রমে সহযোগিতা করা সকল দাতা, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..