1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

আওলাদে গাউসুল আজম দস্তগীর হযরত সৈয়দ সাহেব (রহ.)

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১১২২ বার পঠিত
১১২৯

মানুষের আত্মশুদ্ধি, নৈতিকতা ও রূহানী জীবন গঠনে অলি-আউলিয়া কেরামদের অবদান ইসলামী সুফি ঐতিহ্যের ইতিহাসে এক অনস্বীকার্য সত্য। এই আধ্যাত্মিক ধারারই এক উজ্জ্বল ও পরিচিত রূহানী ব্যক্তিত্ব ছিলেন আওলাদে গাউছুল আজম দস্তগীর হযরত শাহ সুফি সৈয়দ আবুল ওলা (রহ.), যিনি সৈয়দ সাহেব ও মিরসরাই পীর নামে পরিচিত ছিলেন।

আল্লাহর প্রতি অটল ঈমান, রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং আত্মশুদ্ধির অনবরত সাধনা ছিল তাঁর জীবনদর্শনের মূল ভিত্তি। তাঁর জীবন ছিল আত্মনিবেদন, সংযম ও অন্তরশুদ্ধির এক শান্ত অথচ দৃঢ় সাধনা। যদিও তিনি প্রচারবিমুখ ছিলেন, তবুও তাঁর প্রভাব ছিল গভীর ও বিস্তৃত। মানুষের বাহ্যিক পরিচয়ের চেয়ে অন্তরের অবস্থাকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন জীবনের প্রকৃত সফলতা নিহিত রয়েছে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং আত্মার পরিশুদ্ধিতে।

প্রচারবিমুখ স্বভাবের অধিকারী হলেও তাঁর প্রভাব ছিল সুদূরপ্রসারী। দেশের বিভিন্ন স্থানের মানুষ তাঁর সান্নিধ্যে এসে আত্মিক প্রশান্তি ও দিকনির্দেশনা লাভ করতেন। তিনি মানুষকে শুধু বাহ্যিক আমল পালনের প্রতি নয়, বরং আত্মসমালোচনা, চরিত্র গঠন এবং ক্বালবের পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহমুখী জীবন গড়ে তোলার আহ্বান জানাতেন। তাঁর শিক্ষার মূল লক্ষ্য ছিল মানুষের অন্তরকে কলুষমুক্ত করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া ও নৈতিকতার চর্চা প্রতিষ্ঠা করা।

পারিবারিক পরিবেশেই তিনি জাহেরি তথা শরিয়তভিত্তিক জ্ঞান এবং বাতেনি তথা আধ্যাত্মিক জ্ঞানের সমন্বিত শিক্ষা লাভ করেন। ফলে তাঁর চিন্তা, কর্ম ও উপদেশে শরিয়ত ও তাসাউফের এক অপূর্ব সুষমা প্রতিফলিত হয়েছে। তিনি মনে করতেন, বাহ্যিক ইবাদতের প্রকৃত সৌন্দর্য তখনই পরিপূর্ণতা লাভ করে, যখন তা অন্তরের সচেতনতা ও আল্লাহস্মরণের সঙ্গে যুক্ত হয়। তাঁর সংক্ষিপ্ত অথচ গভীর তাৎপর্যপূর্ণ বাণীগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য “আমার চাষ আসমানে।” এই একটি বাক্যের মধ্যেই নিহিত রয়েছে তাঁর আখিরাতমুখী জীবনদর্শনের সারকথা। তিনি মানুষকে স্মরণ করিয়ে দিতেন যে, দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ ও প্রাপ্তির পেছনে ছুটে চিরস্থায়ী জীবনের প্রস্তুতিকে বিস্মৃত হওয়া উচিত নয়। তাঁর এই শিক্ষা সাধারণ মানুষের হৃদয়ে সহজেই সাড়া জাগাত এবং আধ্যাত্মিক উন্নতির প্রতি অনুপ্রাণিত করত।

বংশপরিচয়ের দিক থেকে তিনি ছিলের আহলে বাইতের বংশধর পীরানে পীর দস্তগীর গাউছুল আজম হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (রহ.)-এর বংশের সিলসিলার সাথে সম্পৃক্ত; এই রুহানী সিলসিলার অন্যতম ব্যক্তিত্ব হযরত মাওলানা সৈয়দ নূর উদ্দিন (রহ.) বাগদাদ শরীফ থেকে উপমহাদেশে এসে অন্য আউলিয়া কেরাম নিয়ে ইসলামের দাওয়াত ও আধ্যাত্মিক শিক্ষা বিস্তারে যে আলোকবর্তিকা প্রজ্বলন করেন, তা পরবর্তীতে পীরে কামেল সৈয়দ রিয়াজ উদ্দিন (রহ.), উনার সন্তান মাওলানা সৈয়দ ইমাম উদ্দিন (রহ.) এবং তাঁর সন্তান সৈয়দ সিদ্দিক আহমদ (রহ.) এর মাধ্যমে প্রবাহিত হয়। এই ধারাবাহিকতার মধ্যেই সৈয়দ আবুল ওলা (রহ.) আত্মপ্রকাশ করেন এবং নিজের জ্ঞান, সাধনা ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে অসংখ্য মানুষের অন্তরে গভীর প্রভাব বিস্তার করেন। বর্তমানে তাঁর পুত্র সৈয়দ ফখরুদ্দিন এই বংশপরম্পরার আধ্যাত্মিক ধারা অব্যাহত রেখেছেন।

হযরত সৈয়দ আবুল ওলা (রহ) ২২শে শাবান ১৪২০ হিজরি সনে ইন্তেকাল করেন। তার মাজার চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাস্থ ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামস্থ সৈয়দ সাহেবের বাড়িতে অবস্থিত। ওফাতের পরেও  সৈয়দ আবুল ওলা (রহ) এর জীবন, শিক্ষা ও আধ্যাত্মিক দর্শন মানুষের অন্তরকে আলোয় উদ্ভাসিত করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..