বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে শরণখোলা রেঞ্জের কোকিলমনি অভয়ারণ্যের ত্রিকোন আইল্যান্ড থেকে কাঁকড়া ধরার সময় ৮ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার সন্ধ্যায় আটক এসব জেলেদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি নৌকা, ৬০ কেজি কাঁকড়া, কাঁকড়া ধরার ৩০০টি চারু। বন আইনে মামলা দিয়ে আটক জেলেদের বুধবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হচ্ছে, মহিদুল শেখ (৩৬), আবু সুফিয়ান শেখ (২৯), হোসাইন হাওলাদার (২৫), শুকুর আলী (৩৫), রুবেল শেখ (২৮), জোলার শেখ (২৬), হোসাইন শেখ (২২) ও ইমরান শেখ (৩৫)। এদের বাড়ী বাগেরহাটের মোংলা উপজেলার বকুলতলা গ্রামে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম এতত্য নিশ্চিত করে জানান, সুন্দরবনে তিন মাস প্রবেশ নিষিদ্ধ সময়ে বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার একটি প্রভাবশালী গ্রুপের সদস্যরা সুন্দরবনে ঢুকে কাঁকড়া ও বিষ দিয়ে মাছ শিকার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা অভয়ারণ্যের ত্রিকোন আইল্যান্ড এলাকায় অভিযানে নামে। অভিযান কালে একটি নৌকাসহ ৮ জেলেকে আটক করে বনরক্ষীরা। নৌকা থেকে ৬০ কেজি কাঁকড়া ও কাঁকড়া ধরার ৩০০টি চারু জব্দ করা হয়। বন আইনে মামলা দিয়ে আটক জেলেদের বুধবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।