কক্সবাজার প্রতিনিধি,
আবু বক্কর ছিদ্দিক (৫২)।
কক্সবাজারের রামু উপজেলায় টমটমের চালকের আসনে বসা অবস্থায় আবু বক্কর ছিদ্দিক (৫২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগ বা স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার একটি গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর ছিদ্দিক রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরপাড়া গ্রামের মৃত মোক্তার আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে গ্যাস পাম্পের সামনে টমটমটি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে ছিল। চালককে আসনে অচেতন অবস্থায় বসে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের আসনে বসা অবস্থায় তিনি স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।