নোয়াখালী জেলা প্রতিনিধি,
নোয়াখালী জেলা শহর মাইজদীতে কিশোর গ্যাংয়ের ১৮ জন সদস্যকে আটকে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে একধরনের উদ্বেগ বিরাজ করছিল। শুক্রবার সন্ধ্যায় পৌর বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের একটি মিছিল থেকে ওই ১৮ জনকে আটকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল এবং নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. আনাসসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, ‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই ছাত্রদলের নেতা-কর্মীরা এই উদ্যোগ নিয়েছেন।’
এদিকে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল অভিযোগ করে বলেন, ‘বর্তমানে জেলা শহরে কিশোর গ্যাংয়ের আদলে ছাত্রলীগ নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। জেলায় এমন একাধিক কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। আমরা চাই পুলিশ এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পৌর বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের মিছিল থেকে ছাত্রদলের নেতা-কর্মীদের হাতে আটক ১৮ জনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।