গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ ঘাট সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে হরিরামপুর ইউনিয়নের বড়দহ ঘাটে এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় বালু উত্তোলনকারীরা নদীতে ড্রেজার মেশিন রেখে পালিয়ে যায়। পরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বলেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।