এস এম আবদুল বারেক
চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে ছন্দা শর্মা নামে এক কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতে জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ছন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। কলেজের ওয়েবসাইটেও তাঁকে ওই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাসার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।