1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যু পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত আরো ৩

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি :
এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। নিহতরা সবাই একই পরিবারের। এছাড়া জেলাটিতে গত ২৪ ঘণ্টায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আরো তিনজনের মৃত্যু হয়েছে।

গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী শিশু সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা। আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরো এক শিশু। তাদের কক্সবাজার জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। পাশাপাশি সড়কের দুই পাশে বড় বড় গাছ থাকায় ট্রেন আসার বিষয়টি সহজে দেখতে পান না চালকরা।

নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহর নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা হতাহত হন।

কক্সবাজার আইকনিক স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, ‘বিকাল ৪টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।’

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে আরো দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এদিকে গতকাল সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম হাসান (১৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত নাদিম হাসান রত্নাপালং এলাকার বাসিন্দা নাজমুল হোসেনের ছেলে। রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

মহেশখালীতে সড়কে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌদি প্রবাসীসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সৌদি প্রবাসী ইকবাল হোসেন (২৫) ও মো. শাহীন (১৮)। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রাজু আহমেদ গাজী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে চৌধুরীহাট হাইওয়ে থানা পুলিশের একটি ভ্যানে বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছে। গতকাল ভোরে বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে সুজন রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গতকাল ভোরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের কামালের স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন রায় বড়ভিটা কামারপাড়া এলাকার সোনাতন চন্দ্র রায়ের ছেলে। কিশোরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..