মোশাররফ করিম রুমী,
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার শুনানি সরাসরি দেখছেন কক্সবাজারের উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাজারো বাসিন্দা। বড় পর্দায় নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত আদালতের বিচারপ্রক্রিয়া সম্প্রচার করা হলে সেখানে জড়ো হন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী রোহিঙ্গারা। স্বজন হারানোর বিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আশায় গভীর আগ্রহ নিয়ে শুনানি পর্যবেক্ষণ করেন তাঁরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দেখা যায় আবেগঘন এক পরিবেশ। বড় এলইডি স্ক্রিনের সামনে উপস্থিত রোহিঙ্গাদের চোখেমুখে ছিল দীর্ঘদিনের বেদনা, প্রত্যাশা আর ন্যায়বিচার পাওয়ার আকাঙ্ক্ষা।
নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেলে আসা বসতভিটা, স্বজন হারানোর যন্ত্রণা এবং দীর্ঘদিনের বাস্তুচ্যুত জীবনের স্মৃতি যেন বারবার নাড়া দিচ্ছিল তাঁদের। বহুদিনের প্রতীক্ষিত বিচারপ্রক্রিয়ার দিকে তাকিয়ে রুদ্ধশ্বাসে শুনানি অনুসরণ করেন তাঁরা।
রোহিঙ্গাদের কাছে এই বিচারপ্রক্রিয়া কেবল একটি আইনি কার্যক্রম নয়; বরং এটি স্বজন হারানোর বিচার, নিজেদের ওপর সংঘটিত নির্যাতনের স্বীকৃতি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশার প্রতীক। একই সঙ্গে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের স্বপ্নও জড়িয়ে রয়েছে এই বিচারপ্রক্রিয়ার সঙ্গে।
দীর্ঘদিন ধরে নিজ দেশে ফেরার অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের এই বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে গণহত্যার অভিযোগের সুষ্ঠু বিচার হবে এবং একদিন তাঁরা নিজ দেশে নিরাপদে ও সম্মানের সঙ্গে ফিরে যেতে পারবেন।