পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাড়েয়া বটতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ধনঞ্জয় চন্দ্র ওই গ্রামের অনুকূল চন্দ্র বর্মনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ধনঞ্জয় চন্দ্র নিজের শিম ক্ষেতে সেচের পানি দিতে যান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্টসার্কিটের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা শিম ক্ষেতের মধ্যে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন।
এলাকাবাসী জ্যোতিষ চন্দ্র বর্মন বলেন, ধনঞ্জয় চন্দ্র আমাদের এলাকারই একজন পরিশ্রমী কৃষক ছিল। রাত বিরাতে ক্ষেতে সেচ দিতে গিয়ে এমনভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হবে, তা কেউ কল্পনাও করেনি। ঘটনার পরদিন সকালে ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় এটা খুবই মর্মান্তিক ও কষ্টের বিষয়। আমরা এলাকাবাসী মনে করি, কৃষকদের সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ লাইন ও সংযোগগুলো নিয়ে আরও সতর্কতা ও নজরদারি দরকার। অনেক সময় বৈদ্যুতিক তার ঝুলে থাকে বা শর্টসার্কিটের ঝুঁকি থাকে, যা কৃষকরা বুঝতেই পারেন না। আমরা চাই প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নিক, যাতে ভবিষ্যতে এমন প্রাণহানি না ঘটে। তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, এ ঘটনায় একটি ইউডি ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।