1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ দুই শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

 

তাহের আহমেদ

 

সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারের সুরমা নদীতে নোঙর করে রাখা বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শ্রমিক হলেন—জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) এবং একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।

আহত শ্রমিকরা হলেন মোস্তাকিম (২২) ও সুমন (২০)। তাঁদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া নৌকায় থাকা অপর দুই শ্রমিক আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন ‘তমা নৌপরিবহন’-এর ৬৫০ ফুট বালু ধারণক্ষমতাসম্পন্ন নৌকাটি বালুভর্তি অবস্থায় চামারবাড়ী ঘাট এলাকায় নোঙর করা ছিল। দুর্ঘটনার সময় নৌকায় ছয়জন শ্রমিক অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে দুজন বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন এবং অন্য চারজন বালুর ওপর বসে ছিলেন।

রাত দেড়টার দিকে হঠাৎ নৌকায় পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে গেলে নৌকাটি নদীতে তলিয়ে যায়। এতে বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা মোবাশ্বির ও মারুফ পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। বাকি চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। তবে বুধবার সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক বলেন, তিনি বিষয়টি অবগত আছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..